জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের নিন্দা

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন হামলায় হতাহতের পরিবার, বাংলাদেশ সরকার ও বাংলাদেশি নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানান। আহত ব্যক্তিদের আশু আরোগ্য কামনা করেছেন তিনি। মহাসচিব আশা করেন, যারাই এই অপরাধের পেছনে আছে, তাদের শনাক্ত করা হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
বান কি মুন বলেন, বাংলাদেশ যে হুমকির মুখোমুখি হয়েছে, তা মোকাবিলায় তিনি দেশটির পাশে আছেন। সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দেন তিনি। সহিংস উগ্রপন্থা ঠেকানোর উদ্যোগে বাংলাদেশকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত বলে জানান সংস্থাটির প্রধান।
গতকাল আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানায়, এ ‘জঘন্য ও কাপুরুষোচিত জঙ্গি হামলার’ নিন্দা জানাচ্ছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল প্রকার সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার অন্যতম বড় হুমকি। এ ধরনের হুমকির বিরুদ্ধে সব রাষ্ট্রের লড়াইয়ের ওপর জোর দেয় ১৫ সদস্য দেশের এই সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে এসব ঘৃণ্য কর্মকাণ্ডের হোতা, সংগঠক, অর্থের জোগানদাতা ও পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়। এ ক্ষেত্রে সব কর্তৃপক্ষকে সক্রিয় সহযোগিতা দিতে সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।