জাতিসংঘ ও সার্ক থেকে পাকিস্তানকে বহিষ্কারের দাবি
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ পাকিস্তানকে জাতিসংঘ ও সার্ক থেকে বহিষ্কারের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল রাত ১২টা ১ মিনিটে সংগঠনটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মশাল মিছিল হয়। এ সময় নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা।
এর আগে রাতে আয়োজিত ‘ডিসেম্বর: বিজয়গাথা’ অনুষ্ঠান থেকে সরকারের প্রতি পাকিস্তানকে জাতিসংঘ ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) থেকে বহিষ্কারের জন্য কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। ‘যুদ্ধাপরাধীমুক্ত করব দেশ, গড়ব মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ফোরামের সহসভাপতি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সরদার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা প্রত্যেকেই এ দাবি জানান।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু ও শেষ হয়। মাঝে গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। পরে মশাল মিছিলের মাধ্যমে বিজয়ের মাসের সূচনা হয়।