জাতিসংঘ জলবায়ু তহবিলের ৩২০ কোটি টাকা পেল দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) থেকে ৩২০ কোটি টাকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। জলবায়ু-সহিষ্ণু অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) ওই অর্থ বরাদ্দ দিয়েছে জিসিএফ বোর্ড।
গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় জিসিএফের বোর্ড সভায় বাংলাদেশসহ মোট আটটি প্রকল্প অনুমোদন পায়। বরাদ্দ পাওয়া অন্য দেশ ও অঞ্চলগুলো হচ্ছে মালাউ, সেনেগাল, পেরু, মালদ্বীপ, ফিজি, পূর্ব আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপগুলো।
জিসিএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশের বরাদ্দ পাওয়া প্রকল্পটির মোট বাজেট আট কোটি মার্কিন ডলার বা ৬৪০ কোটি টাকা। এর মধ্যে জিসিএফ দেবে ৩২০ কোটি টাকা, জার্মান সরকারের ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেটিভ ডেভেলপমেন্ট (বিএমডি) দেবে ১২০ কোটি এবং বাংলাদেশ সরকার দেবে বাকি ২০০ কোটি টাকা। ওই প্রকল্পের অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে জার্মানির কেএফডব্লিউ ব্যাংক।
এ ব্যাপারে এলজিইডির পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইফতেখার আহমেদ প্রথম আলোকে বলেন, আগামী জুন-জুলাই থেকে প্রকল্পের কাজ শুরু হতে পারে। ছয় বছর ধরে এটি বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, বিশ্বের ৯৫টি দেশ এই তহবিলের জন্য আবেদন করে। বাংলাদেশ চারটি ধাপ অতিক্রম করে প্রকল্পের অর্থ পাওয়ার জন্য মনোনীত হয়। এই বরাদ্দ পাওয়ার ফলে ভবিষ্যতে জলবায়ু খাতে আরও বেশি অর্থ পাওয়ার পথ প্রশস্ত হলো।
কেএফডব্লিউর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পটির আওতায় দেশের তিনটি উপকূলীয় জেলায় ৪৫টি জলবায়ু সহিষ্ণু ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। আশ্রয়কেন্দ্রে ৮৫ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। ওই আশ্রয় কেন্দ্রগুলোর মাধ্যমে এক হাজার ৭০০ মানুষের কর্মসংস্থান হবে এবং সেখানে ১৮ হাজার শিশুকে শিক্ষা দেওয়ার জন্য বিদ্যালয় স্থাপন করা হবে।
বাংলাদেশের ওই প্রকল্পটি পাওয়া সম্পর্কে কেএফডব্লিউ গ্রুপের নির্বাহী বোর্ডের সদস্য নর্বাট ক্লপেনবুর্গ তাঁদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেন, জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে শিল্পোন্নত দেশগুলোর জন্য এটি একটি নতুন মাইলফলক। প্যারিস সম্মেলনে একটি সফল চুক্তি হওয়ার ক্ষেত্রে এই উদ্যোগটি ভূমিকা রাখবে।