সুন্দরবনে তেল বিপর্যয়ের ঘটনায় জাতিসংঘের বিশেষজ্ঞ দল আজ বুধবার তাদের প্রাথমিক প্রতিবেদন দেবে। এ উপলক্ষে আজ বিকেল চারটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতিসংঘ বিশেষজ্ঞ দলের সদস্যরা ছাড়াও সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ঢাকা কার্যালয় সূত্রে এসব কথা জানা গেছে।
২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ২৫ সদস্যের জাতিসংঘের বিশেষজ্ঞ দলটি সুন্দরবনে অবস্থান করে। তারা সুন্দরবনের শ্যালা এবং পশুর নদের তেল ছড়িয়ে পড়া এলাকা পরিদর্শন করে। বন থেকে তেল, পানি, মাটি ও উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। আজ সংবাদ সম্মেলনে মূলত বিশেষজ্ঞ দলের প্রাথমিক মূল্যায়ন এবং সুপারিশ তুলে ধরা হবে বলে জাতিসংঘ সূত্রে জানা গেছে। সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েলসহ একটি ট্যাংকার শ্যালা নদীতে ডুবে যাওয়ায় সেখানে তেল ছড়িয়ে পড়ে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতিসংঘ দলের পূর্ণাঙ্গ প্রতিবেদন চূড়ান্ত হতে জানুয়ারির মাঝামাঝি লেগে যাবে। প্রাথমিক প্রতিবেদনের ওপর সরকারের মূল্যায়ন বা রিভিউয়ের পর ওই প্রতিবেদন চূড়ান্ত হবে। তবে প্রতিবেদনের কিছু কিছু সুপারিশ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। বন বিভাগের মাধ্যমে সুন্দরবন এলাকায় তেল অপসারণ এবং বনজীবীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে দেওয়া বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
জাতিসংঘ দলটির নেতৃত্বে ছিলেন ফিনল্যান্ড থেকে আসা জাতিসংঘের পরিবেশ ও দুর্যোগবিষয়ক উপদেষ্টা এমিলিয়া ওয়ালস্টর্ন। বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং সংস্থার ১২ জন বিশেষজ্ঞও ওই দলে অংশ নেন। জাতিসংঘের দলটিতে মেক্সিকো উপসাগর ও আলাস্কায় তেল ছড়িয়ে পড়ার ঘটনায় গঠিত তদন্ত দলে কাজ করা চারজন সদস্য রয়েছেন। আটটি দেশ থেকে আসা এই দলের ১৪ জন জাতিসংঘের হয়ে বিভিন্ন দেশে তেল অপসারণ বিষয়ে কাজ করেছেন।