জাতিসংঘ পদক পেলেন ৭ বাংলাদেশি শান্তিরক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বাংলাদেশিসহ ৩৩টি দেশের ৭৫ জন শান্তিরক্ষী (সামরিক ও পুলিশ) এবং ৩৭ জন বেসামরিক শান্তিরক্ষীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের স্বীকৃতি হিসেবে পদক দিয়েছে জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়। পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এরপর গত বছর বিশ্ব শান্তিরক্ষায় যেসব বীর শান্তিরক্ষী প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশের যে সাতজন শান্তিরক্ষী এবার পদক পেয়েছেন, তাঁরা হলেন: মেজর কে এম জিয়াউল হক, ক্যাপ্টেন মোহাম্মদ ইফতেখার আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুস সালাম, করপোরাল মো. ইউনুস মিয়া, এসএসপি মো. আবদুল মালেক দর্জি, সিনিয়র এএসপি মো. সাইদুর রহমান ও কনস্টেবল মো. নাসির উদ্দিন। তাঁরা সবাই গত বছরের বিভিন্ন সময় শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন।