জাতিসংঘ পানিবিষয়ক প্যানেলের সদস্য হলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের পানিবিষয়ক একটি উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্যানেলে তিনি ছাড়াও সদস্য হিসেবে বিশ্বের আরও নয়জন রাষ্ট্র বা সরকারপ্রধান রয়েছেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্যানেলের সদস্য হতে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শেখ হাসিনা ওই প্রস্তাব গ্রহণ করেন।
গত বৃহস্পতিবার জাতিসংঘের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ওই প্যানেলের সদস্য হিসেবে বিশ্বের ১০ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের নাম ঘোষণা করেন। প্যানেলে দুজন বিশেষ উপদেষ্টাও রয়েছেন।
গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভা থেকে এ প্যানেলের যাত্রা শুরু। ‘টেকসই উন্নয়ন লক্ষ্য ৬’ (এসডিজি৬)-এর বাস্তবায়ন ত্বরান্বিত করতে কার্যকর পদক্ষেপ সুসংহত করাই এ প্যানেলের লক্ষ্য। সবার জন্য পানি ও স্যানিটেশনের সহজলভ্যতা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর মনোযোগ দিচ্ছে প্যানেলটি।
শেখ হাসিনা ছাড়া এ প্যানেলের নতুন সদস্যরা হলেন মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিব (প্যানেলের সহসভাপতি), মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো (সহসভাপতি), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, হাঙ্গেরির প্রেসিডেন্ট ইয়ানোস আদের, জর্ডানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ এনসুর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমন। প্যানেলের দুই বিশেষ উপদেষ্টা হলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সিউং-সু ও পেরুর পরিবেশ প্রতিমন্ত্রী ম্যানুয়েল পুলগার-ভিদাল।