জাতিসংঘ প্যানেলে শেখ হাসিনাকে রাখার প্রস্তাব দিয়ে বান কি মুনের ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ রোববার রাত আটটায় টেলিফোন করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। জাতিসংঘের একটি প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখার প্রস্তাব করে তিনি এই ফোন করেন। 

আজ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হ​য়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পর বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, জাতিসংঘ ‘ইউনাইটেড ন্যাশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার’ নামে একটি প্যানেল করতে যাচ্ছে। এই প্যানেলে তিনি সদস্য হিসেবে শেখ হাসিনাকে রাখার প্রস্তাব করেন। জাতিসংঘ মহাসচিবের এ প্রস্তাবে সম্মতি জানান প্রধানমন্ত্রী।
বান কি মুন তাঁর টেলিফোন আলাপে এ বছর জুনের প্রথম সপ্তাহে জাতিসংঘে পুলিশের একটি সম্মেলন অনুষ্ঠানের কথা জানান। ওই সম্মেলনে তিনি বাংলাদেশ থেকে পুলিশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
ঢাকায় এ বছর ডিসেম্বরে ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে ওই সম্মেলনে জাতিসংঘ মহাসচিবকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে এবং নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছে। এর আগে সব দলের অংশগ্রহণে পৌরসভা নির্বাচন হয়েছে। এ ছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানান।
এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের টেলিফোন আলাপ শেষ হয়।