বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, সংলাপের মাধ্যমেই প্রধান রাজনৈতিক দলগুলো সামনে এগোনোর পথ খুঁজে পাবে। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মজীনা বলেন, দুই নেত্রীকে ফোন করে জাতিসংঘের মহাসচিব অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংলাপের ওপর যে গুরুত্ব দিয়েছেন তা খুবই উৎসাহব্যঞ্জক। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণও চায় একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। তাই প্রধান দুই দলসহ সব দলের নেতাদের তেমনই একটি নির্বাচন অনুষ্ঠানে উপায় খুঁজে বের করা প্রয়োজন এবং এটা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ঢাকার আমেরিকান সেন্টার ‘জাতিসংঘের শান্তি কর্মসূচি ও দক্ষিণ এশিয়া: প্রবণতা ও সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মজীনা বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এক নম্বরে অবস্থান করছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত ও আনন্দিত।সম্মেলনের উদ্বোধনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, আর্মড ফোর্সেস ডিভিশনের অপারেশনস অ্যান্ড প্ল্যানিং অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ খান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপারসন আশেকা এরশাদ বক্তব্য দেন।সেমিনারের দ্বিতীয় পর্বে ‘জাতিসংঘের শান্তিরক্ষার প্রবণতা ও উন্নয়ন: দক্ষিণ এশিয়ার জন্য চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক শান্তি ইনস্টিটিউট থেকে আসা এডাম সি. স্মিথ। প্রবন্ধে তিনি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া মেজর জেনারেল (অব.) দিপঙ্কর ব্যানার্জি ভারতের শান্তিরক্ষা মিশন এবং মানিষা পাস্কুয়াল শ্রীলঙ্কার শান্তিরক্ষা মিশন বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।