জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টা পরিষদের সদস্য সাবের চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নারী, শিশু ও কিশোর স্বাস্থ্য-বিষয়ক একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে গ্রুপের সদস্যদের নাম ঘোষণা করেন।
জাতিসংঘের ‘এভরি উইমেন এভরি চাইল্ড’ আন্দোলনের জন্য গঠিত এ উপদেষ্টা পরিষদের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশলেট ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম ডেসালেন। আর গ্রুপের প্রাথমিক সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশের সাংসদ সাবের হোসেন চৌধুরী ছাড়াও কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ম্যারি ক্লদ বিবেউ, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাদা, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গে ব্রেন্দে প্রমুখ।
পরিষদ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) থেকে সদ্য গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) প্রবেশের সময়ে নারী, শিশু ও কিশোরের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন উচ্চাভিলাষী পদক্ষেপ বাস্তবায়নে সহায়তা করবে। উচ্চপর্যায়ের এ গ্রুপ জাতিসংঘের মহাসচিবকে পরামর্শ দেবে।
এভরি উইমেন এভরি চাইল্ড হচ্ছে একটি বৈশ্বিক আন্দোলন, যা নারী, শিশু ও কিশোর স্বাস্থ্যের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিশ্বের সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি খাত ও সুশীল সমাজের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ এগিয়ে নিতে কাজ করে থাকে। বিজ্ঞপ্তি।