জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি আজ আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মার্গারেটা ওয়ালস্ট্রোম চার দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।সফরকালে মার্গারেটা ওয়ালস্ট্রোম বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনাকে মূল মনোযোগের বিষয় হিসেবে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং উন্নয়ন-সহযোগীদের সঙ্গে বৈঠক করবেন। তিনি দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে সুশীল সমাজের ভূমিকা বিষয়ে এক সভায় অংশ নেবেন। জাতিসংঘ দূত ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ভূমিকম্পে আত্মরক্ষার ওপর একটি মহড়া দেখবেন।মার্গারেটা ওয়ালস্ট্রোমের কর্মব্যস্ত সফরে আরও রয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, ২০১২ উপলক্ষে আয়োজিত আলোচনা, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বদান বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক, আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ইত্যাদি। ওয়ালস্ট্রোম ১০০ পৌরসভার মেয়রকে নিয়ে বিশ্ব কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ শহর কর্মসূচিরও উদ্বোধন করবেন। ৩১ মার্চ বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।