জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ বৈঠক ডাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ বৈঠকের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ৩৪টি মানবাধিকার সংগঠন গত সোমবার এক খোলা চিঠিতে এই দাবি জানায়।

খোলা চিঠিতে সংগঠনগুলো বলে, ‘মিয়ানমারে অধোগামী মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ বৈঠক আহ্বানের ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। যত দ্রুত সম্ভব এ ধরনের বৈঠক অনুষ্ঠানের জন্য মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

চিঠিতে আরও বলা হয়, ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের খবরগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যে দৃঢ় পদক্ষেপ নিতে এবং পরিস্থিতির গভীর আন্তর্জাতিক তদন্ত ও পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ বৈঠক অত্যন্ত জরুরি।’

মানবাধিকার সংগঠনগুলো খোলা চিঠিতে বলে, রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার কাউন্সিলের একটি প্রস্তাব গ্রহণ করা উচিত, যাতে মিয়ানমার সরকারের প্রতি ‘মানবাধিকার লঙ্ঘন, মানবতাবিরোধী অপরাধ’ তাৎক্ষণিক বন্ধের আহ্বান জানানো হবে। সেই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলোকে ‘দেশটির সব জায়গায় পুরোপুরি ও অবাধ প্রবেশ ও যাতায়াতের করতে দেওয়ারও’ আহ্বান জানানো হবে।

জাতিসংঘের ৪৭ সদস্যের মানবাধিকার কাউন্সিল সচরাচর বিশেষ বৈঠক ডাকে না। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত এই কাউন্সিল ২৬টি বৈঠক করেছে। এক-তৃতীয়াংশ অথবা কমপক্ষে ১৬টি সদস্যরাষ্ট্রের আহ্বানে বিশেষ বৈঠক ডাকে মানবাধিকার কাউন্সিল।

এর আগে চলতি মাসেই চীনের বিরোধিতার কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে প্রস্তাব গ্রহণের পরিকল্পনা থেকে সরে আসে। গত আগস্ট মাসে রাখাইনে সন্ত্রাস দমনের নামে মিয়ানমারের সেনাবাহিনী অভিযান শুরু করে। এই পরিপ্রেক্ষিতে প্রাণ বাঁচাতে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযানের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

রোহিঙ্গারা ‘জাতিবিদ্বেষের’ শিকার

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠী ‘জাতিবিদ্বেষের’ শিকার বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রোহিঙ্গা সংকট নিয়ে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠনটি এই মন্তব্য করে।

দুই বছর গবেষণার পর ওই এক শ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হলো। এতে বলা হয়, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ রোহিঙ্গাদের জীবন বস্তুত সীমিত করে দেওয়া হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশে এর মাধ্যমে তাদের আবদ্ধ করে রাখা হয়েছে।

অ্যামনেস্টির গবেষণাবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আনা নেইস্ট্যাট বলেন, রাখাইন রাজ্যে তিন মাস ধরে সেনাবাহিনী যে সহিংসতা চালিয়েছে, তারও বহু আগে থেকে এ রাজ্যে অপরাধ সংঘটিত হচ্ছে। তিনি বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষ জাতিবিদ্বেষের একটি অমানবিক ব্যবস্থার মাধ্যমে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের বিচ্ছিন্ন ও ভীতিকর পরিস্থিতির মধ্যে রাখছে।’

আনা নেইস্ট্যাট বলেন, জরুরি ভিত্তিতে রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং মিয়ানমারের বৈষম্যমূলক নাগরিক আইন বাতিল প্রয়োজন।