তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে জাতিসংঘ যাই বলুক, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অপরাধ করেছে, তাদের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করা হবে।
গতকাল শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা ও এর আশপাশের প্রবাসী পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় ও তাঁদের মেধাবী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।
হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি গত বুধবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান। এই প্রেক্ষাপটে
তথ্যমন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বিদেশিদের নাক গলানো সহ্য করা হবে না।
ভেড়ামারা উপজেলা জাসদের আয়োজনে ভেড়ামারার স্থানীয় কলেজ মাঠে দুপুরে এই অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জাতীয় নারী জোটের আহ্বায়ক ও তথ্যমন্ত্রীর সহধর্মিনী আফরোজা হক প্রমুখ।
তথ্যমন্ত্রী প্রবাসীদের পরিবার-পরিজনদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানের আশ্বাস দেন এবং প্রবাসীদের মেধাবী সন্তানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।