জাতিসংঘ, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের নিন্দা
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনায় দেশের বাইরে থেকে নিন্দা ও বিচারের দাবি অব্যাহত আছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার ওই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিচ গত শুক্রবার ব্রিফিংয়ে বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার ও গণমাধ্যমের ওপর যেসব হামলার ঘটনা ঘটছে, আমরা অবশ্যই তার তীব্র নিন্দা জানাই।’
যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি জানান, জাতিসংঘের মহাসচিব এই মুহূর্তে (বাংলাদেশে) মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকেরা যাতে দায়িত্ব পালনে সক্ষম হন, সে বিষয়ের ওপর জোর দিচ্ছেন। মহাসচিবের মুখপাত্র দপ্তরের এক প্রতিনিধি লিখিত মন্তব্যে প্রথম আলোকে এ কথা জানান।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ব্লগার নীলাদ্রি হত্যার নিন্দা জানিয়ে বলা হয় এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় এটা স্পষ্ট হয়েছে যে সহিংস কট্টরপন্থা নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করা জরুরি।’
প্রথম আলোর লন্ডন প্রতিনিধি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গত শুক্রবার বিবৃতিতে প্রতিমন্ত্রী হুগো সোয়ার নীলাদ্রি হত্যার নিন্দা জানান। তিনি বলেন, স্বাধীন মত প্রকাশের বিষয়টি একটি সর্বজনীন অধিকার, যা রক্ষা করতে হবে।