জাতিসংঘ শান্তি মিশনে ১২৫ পুলিশ কর্মকর্তা আজ কঙ্গো যাচ্ছেন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে আজ শুক্রবার রাতে কঙ্গোর উদ্দেশে ঢাকা ছাড়বেন ১২৫ পুলিশ কর্মকর্তা। দলটির (কন্টিনজেন্ট) নেতৃত্বে থাকবেন পুলিশ সুপার আবদুল মান্নান। জাতিসংঘের ভাড়া করা উড়োজাহাজে তাঁরা সেখানে যাবেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পুলিশ কর্মকর্তারা কঙ্গোতে নিয়োজিত ব্যানএফপিইউ-২ সদস্যদের প্রতিস্থাপন করবেন। এখন পর্যন্ত বাংলাদেশের এক হাজার ৫৯৬ জন পুলিশ কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন। বিভিন্ন দেশে ১০টি ‘ফরমড পুলিশ ইউনিট’ বা এফপিইউতে এ পুলিশ কর্মকর্তারা কাজ করছেন। আইভরিকোস্ট, কঙ্গো, পূর্ব তিমুর ও সুদানে ১০টি এফপিইউতে মোট এক হাজার ৩৩৩ জন কর্মরত রয়েছেন। এর বাইরে লাইবেরিয়া, হাইতি, পূর্ব তিমুর ও সুদানে জাতিসংঘ পুলিশ বাহিনীতে (ইউএনপিওএল) আছেন মোট ২৬৩ জন। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে পুলিশে একক অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ এক বছর ধরে শীর্ষে অবস্থান করছে।