জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ২০১৪ সালে শীর্ষে বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ২০১৪ সালে শীর্ষস্থান অর্জন করেছে। নিউইয়র্ক থেকে পাঠানো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
বর্তমানে বাংলাদেশের ৯ হাজার ৪০০ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১০টি শান্তিরক্ষা মিশনে কর্মরত আছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, বিশ্বশান্তি রক্ষা ও স্থিতিশীলতা জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয় এবং এ লক্ষ্যে জাতিসংঘের আহ্বানের প্রতি তাঁর দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সামান্থা পাওয়ার সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে শান্তিরক্ষার ক্রম অগ্রসরমাণ কার্যক্রমকে স্বীকৃতি দিয়ে বিবদমান এলাকায় বেসামরিক জনগণের নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব প্রদান করে তা শান্তিরক্ষীদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করেছে।’