জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি আগামীতে ছোট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞ অ্যাডাম সি স্মিথ। নিউইয়র্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) এ গবেষকের মতে, অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে এ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকায় আমেরিকান সেন্টারে প্রথম আলোসহ তিনটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডাম সি স্মিথ এ অভিমত দিয়েছেন। ঢাকায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গত বৃহস্পতিবার তিনি বাংলাদেশে আসেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দুই দিনের এ সেমিনারে আলোচনা হয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আইপিআইয়ের গবেষক বলেন, অতীতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ৫০ শতাংশের বেশি সেনা নিয়োগ করা হলেও এখন তা কমে হয়েছে ৩৩ শতাংশ। তবে শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশের সংখ্যা বাড়ছে। যুদ্ধ-উত্তর পরিস্থিতিতে নারী ও শিশুসহ জনগণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাওয়ায় বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো থেকে বেশিসংখ্যক পুলিশকে নিয়োগ দেওয়া হচ্ছে।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে অ্যাডাম স্মিথ বলেন, সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা সব সময় প্রশংসিত। কোনো রকমের দ্বিধা ছাড়াই বাংলাদেশের শান্তিরক্ষীরা পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে তৈরি থাকায় তাদের প্রতি অন্য রকমের শ্রদ্ধা কাজ করে। কারণ বাংলাদেশই হচ্ছে একমাত্র দেশ, যাদের শান্তিরক্ষীরা বিশ্বের যেকোনো দেশেই চ্যালেঞ্জ নিতে তৈরি থাকেন।
তাঁর মতে, গণতন্ত্র আর গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কারণে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে বেশি শান্তিরক্ষী নিয়োগের বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়।
শান্তিরক্ষা কার্যক্রমে তহবিল সংকটের বিষয়টি উল্লেখ করে অ্যাডাম বলেন, শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় তহবিলের সংকট রয়েছে। গত কয়েক বছরের অর্থনৈতিক মন্দাও এতে ভূমিকা রেখেছে। চূড়ান্তভাবে তহবিলের এ সংকট বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই যে পরিমাণ শান্তিরক্ষীর প্রয়োজন ছিল, সে সংখ্যা কমেছে। আর শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত লোকজনের কাজ করাটা কঠিন করে তুলেছে।
সাম্প্রতিক বছরগুলোতে শান্তিরক্ষীদের বেতন না বাড়ার বিষয়ে জানতে চাইলে মার্কিন এ গবেষক বলেন, বেশ কয়েক বছর শান্তিরক্ষা কার্যক্রমের বাজেটের তেমন পরিবর্তন হচ্ছে না। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে শান্তিরক্ষা কার্যক্রমে টাকা খরচের কারণ ব্যাখ্যা করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ছে। কাজেই যেসব দেশ শান্তিরক্ষা কার্যক্রমের তহবিলের জোগান দেয়, তারা তহবিলের পরিমাণ যতটা কম রাখা যায় সেই চেষ্টাটাই করে। অথচ শান্তিরক্ষীরা এক দশক আগে যে বেতন পেতেন এখনো সে বেতনই পাচ্ছেন। জাতিসংঘের অনেকে মনে করেন, শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত লোকজনের বেতন বাড়ানো উচিত। গত বছর শান্তিরক্ষীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানোর বিষয়ে চার বছর পর পর্যালোচনার বিষয়ে ঐকমত্য হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে শান্তিরক্ষা কার্যক্রমের ধরন পরিবর্তন হয়েছে। ইদানীং যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার পরিবর্তে পুনর্গঠন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজটি জাতিসংঘ কীভাবে সামলে নিচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, গত ১০ থেকে ২০ বছর ধরে বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন গঠনের গুরুত্বের বিষয়টি অনুধাবন করা হচ্ছে। এ কাজে বেসামরিক লোকজনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশের এ ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার সময় জনগণের নিরাপত্তায় সেনাসদস্য ও পুলিশের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। শান্তি প্রক্রিয়াকে টেকসই করার লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি জোরদারের গুরুত্ব অপরিসীম। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এখন পর্যন্ত জাতিসংঘ কাজটি ভালোভাবেই সামলাচ্ছে।