জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৯ মে রোববার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এই দিনে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।
দিবসটি উপলক্ষে এক বাণীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের আস্থা প্রতিফলিত হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এর ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে। ১৫ বছর আগে জাতিসংঘের সামরিক ও পুলিশ সদস্যের সংখ্যা ছিল ৪০ হাজারেরও কম। আজ ১২৪টি দেশের ১ লাখ ৫ হাজারের বেশি সেনা ও পুলিশ সদস্য নীল পতাকাতলে কাজ করছেন। এর সঙ্গে আছে ১৮ হাজার জাতীয় ও আন্তর্জাতিক বেসামরিক সদস্য ও জাতিসংঘ স্বেচ্ছাসেবী।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে দিবসের কর্মসূচি শুরু হবে ‘পিসকিপার্স রান’-এর মাধ্যমে। সেখানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থিত থাকার কথা রয়েছে। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হবে। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অন্যদের মধ্যে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা আছে।
এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোয়ালিশন অব লোকাল এনজিওস বাংলাদেশ (সিএলএনবি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সফলতার শীর্ষে অবস্থান করছে। ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ ৪০ দেশের ৫৪টি মিশনে ১ লাখ ৪৪ হাজার ৭৩৯ জন শান্তিসেনা পাঠিয়েছে।