প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে শান্তিরক্ষায় পরীক্ষিত দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদর দপ্তর ও সংস্থার বিভিন্ন শান্তি মিশনে নেতৃত্ব দিতে আগ্রহী। সহযোগীদের সঙ্গে মিলে শান্তিরক্ষীদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষ করে গড়ে তুলতেও আগ্রহী বাংলাদেশ। গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষাবিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।
এদিকে আজ ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা।
শান্তি সম্মেলনের কো-চেয়ার শেখ হাসিনা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে দেওয়া বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দেন। তবে শান্তিরক্ষার পথে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত সেনা ও পুলিশ সদস্যদের ব্যয়বহুল ও সমন্বিত প্রশিক্ষণ দরকার। তিনি বলেন, ‘যেকোনো জটিল এবং ঝুঁকিপূর্ণ মিশনে দ্রুততার সঙ্গে শান্তিরক্ষী মোতায়েন করে বাংলাদেশ এ কাজে নির্ভরযোগ্য একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
সব সময় দ্রুত সাড়া দেওয়ার মাধ্যমে শান্তিরক্ষাসংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের কৌশল পর্যালোচনার প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের সর্বাত্মক নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে শান্তিরক্ষাÿঅভিযানে বাংলাদেশ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।’
বাংলাদেশ এখন বিশ্বের যেকোনো স্থানে স্বল্প সময়ের নোটিশে তার আকাশ শক্তি, হেলিকপ্টার, যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি প্রকৌশলী, চিকিৎসক দল, নৌসেনা ও কর্মী মোতায়েনে সক্ষম বলে জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘এ ছাড়া আমরা জাতিসংঘ সদর দপ্তর এবং এর মাঠপর্যায়ের মিশনে নেতৃত্ব দিতে আগ্রহী। আমরা আফ্রিকান পিসকিপিং র্যা পিড রেসপন্স পার্টনারশিপসহ বিভিন্ন মিশনে শান্তিরক্ষীদের জন্য সরঞ্জাম এবং সেবা সরবরাহ কাজের অংশ হতে চাই।’
শেখ হাসিনা তাঁর বক্তৃতায় বিভিন্ন সময় শান্তি মিশনে নিহত ১১৯ জন বাংলাদেশি শান্তিরক্ষীর কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
এ ছাড়া বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল জাতিসংঘে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বেলা তিনটায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত একটা) ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা ছিল।
কমনওয়েলথ সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ সরকারপ্রধানদের (সিএইচওজিএম) সংস্কারবিষয়ক এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সিএইচওজিএমের চেয়ারপারসন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে।
বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহিদুল হক সাংবাদিকদের জানান, সিএইচওজিএমের নেতারা সংস্থার কর্মকাণ্ড আরও জোরদার ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনটি প্রস্তাব দেন। এগুলো হলো: কমনওয়েলথ সম্মেলন নামে সিএইচওজিএম সম্মেলনের নতুন নামকরণ করা, সম্মেলনের সময়সীমা তিন দিন থেকে দুই দিন করা এবং যৌথ ইশতেহার আরও স্পষ্ট, কার্যকর ও সময়োপযোগী করা।
বৈঠকে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।
নেপালে সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত প্রধানমন্ত্রী: আগামী নভেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে তাঁর নিউইয়র্কের হোটেল স্যুটে বৈঠককালে কৈরালা এই আমন্ত্রণ জানান।
আজ নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ শনিবার এক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর একটায় এই বৈঠক শুরু হবে।
মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে এটাই হবে তাঁর প্রথম সাক্ষাৎ।