জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ
সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মাইনরিটি মুভমেন্টসহ বেশ কয়েকটি সংগঠন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গত রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রবাসীরা প্রতিবাদী ব্যানার, ফেস্টুনসহ দুপুর থেকে জাতিসংঘ সদর দপ্তর-সংলগ্ন সড়কপথে সমবেত হন। সমাবেশে সভাপতিত্ব করেন শিতাংসু গুহ। সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন শুভ রায়, গোপাল স্যান্নাল, নবেন্দু দত্ত, কৃষ্ণ চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু ও মুক্তমনাদের লক্ষ্য করে হত্যা করা হচ্ছে। একদিকে সরকার বলছে জঙ্গিবাদের প্রতি তাদের জিরো টলারেন্স। অন্যদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার বা বিচারের সম্মুখীন করতে সরকার ব্যর্থ হচ্ছে। তাঁরা বলেন, এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও বিশ্বাসযোগ্য সমাধান করতে সরকার ব্যর্থ হয়েছে। বাংলাদেশে ধর্মাশ্রয়ী রাজনীতি নিষিদ্ধ করা এবং মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অবস্থান নেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি দাবি জানিয়েছেন।