জাতিসংঘ সালিস আদালতের অবশিষ্ট তিন মীমাংসাকারী নির্বাচন নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সালিস আদালতে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির জন্য অবশিষ্ট তিন আরবিট্রেটর বা মীমাংসাকারী নির্বাচনের বিষয়ে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে আলোচনা করেছেন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে কোন তিনজনকে মীমাংসাকারী নির্বাচিত করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।জাতিসংঘের সমুদ্র আইন (আনক্লস) অনুযায়ী সালিস আদালতে (আরবিট্রেশন ট্রাইব্যুনাল) পাঁচজন মীমাংসাকারী নিয়ে গঠিত একটি প্যানেল সালিসের কাজ চালান। এর মধ্যে দুজনকে নির্বাচিত করে সংশ্লিষ্ট দুই দেশ। অন্য তিনজনকে মনোনীত করা হয় দুই দেশের সমঝোতার মাধ্যমে।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ প্রতিবেদককে জানান, তিন মীমাংসাকারী নির্বাচনের জন্য অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আলোচনায় দুই পক্ষই বলেছে, সালিস আদালতের কাজ ত্বরান্বিত করতে একসঙ্গে কাজ করতে হবে। বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে ওই কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন। তবে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, দুই দেশের কর্মকর্তারা তিন মীমাংসাকারী নির্বাচন চূড়ান্ত করেছেন।আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলম। আর ভারতের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-শ্রীলঙ্কা-মিয়ানমার বিভাগের যুগ্ম সচিব টি এস তিরুমূর্তি।জানা গেছে, সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে আলোচনার মাধ্যমে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হওয়ায় কর্মকর্তারা আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে গতকাল বৈঠক করেন।দীর্ঘ তিন দশক ধরে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় গত অক্টোবরে জাতিসংঘের সালিস আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ পদক্ষেপ নেওয়ার প্রধান উদ্দেশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিরোধ মিটিয়ে দেশের সমুদ্রসীমার কর্তৃত্ব প্রতিষ্ঠা।বাংলাদেশের পক্ষে মীমাংসাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিটিশ আইনবিশেষজ্ঞ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অ্যালান ভন লুই। আর ভারতের পক্ষে কাজ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক আইন উপদেষ্টা পি শ্রীনিবাসা রাও। জাতিসংঘের সালিসপ্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফলি হগ।