মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও সংকট নিরসনে জাতিসংঘের অগ্রণী ভূমিকা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের প্রধান সড়কে বেলা ১১টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে জেলা জাতীয় পার্টি (এরশাদ)। বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন, সম্পাদক তিতাস মোস্তফা, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি লোকমান হোসেন, পৌর কমিটির সভাপতি মুনজুরুল ইসলাম, সম্পাদক কবিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি রোহিঙ্গা নির্যাতনে নীরব রয়েছেন। তাঁর শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত।
সকাল ১০টায় আক্কেলপুর উপজেলা সদরে কয়েক শ মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কলেজ বাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী রফিকুল ইসলাম, শিক্ষার্থী শাহেদুজ্জামান প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে বেলা ১১টায় মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখা। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহের আলী ও মনিরুজ্জামান, জেলা শ্রমিক জোটের সম্পাদক তরিকুল ইসলাম, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি আবদুল মজিদ, সম্পাদক রামিম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধে ও সংকট নিরসনে জাতিসংঘকে অগ্রণী ভূমিকা নিয়ে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। বক্তব্য দেন জোটের সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সম্পাদক জিয়াউল হক, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি মাহমুদুস সোবহান প্রমুখ। মিয়ানমার সীমান্তে স্থলমাইন পুঁতে গণহত্যা চালানোকে মানবিক বিপর্যয় বলে আখ্যায়িত করেন বক্তারা। হত্যা-নির্যাতন বন্ধ এবং দ্রুত বাংলাদেশ থেকে লাখ লাখ শরণার্থী নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারকে বাধ্য করতে জাতিসংঘসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে বেলা ১১টায় মানববন্ধন করে জেলা জাসদ। এ সময় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম, জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম, সহসভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক গোলাম মারুফ, জাতীয় শ্রমিক জোট জেলা শাখার সদস্যসচিব নুর মোহাম্মদ, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, জাতীয় যুবজোট জেলা শাখার সুজন প্রসাদ প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ; জয়পুরহাট, আক্কেলপুর, বগুড়া ও গাইবান্ধা প্রতিনিধি}