জাতিসংঘকে উদ্বেগের কথা জানানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গাদের যে স্রোত বাংলাদেশে আসছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। নির্যাতিত মানুষের সঙ্গে মাদকের স্রোতও আসছে কি না এবং অস্ত্রের কোনো বিষয় যুক্ত হচ্ছে কি না, সেটা আরও বেশি উদ্বেগের বিষয়।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রার বিভিন্ন তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা পরিস্থিতি খুব সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। জাতিসংঘকে উদ্বেগের কথা জানানো হয়েছে। মিয়ানমারের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘ যেন অনতিবিলম্বে ব্যবস্থা নেয় সে ব্যাপারে দাবি অত্যন্ত জোরালো। নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের এই স্রোতকে রক্তস্রোত উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, ‘জনস্রোতের এই বিশাল বোঝা বহনের ক্ষমতা আমাদের নেই।’

আগামী নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এখন উভয়সংকট। হায়দারের গানের মতো বিএনপি এখন ‘মাইনকা চিপায়’ পড়ে গেছে। একদিকে নির্বাচনে গেলে হেরে যাওয়ার ভয় আছে, আবার নির্বাচনে না গিয়ে যদি ৫ জানুয়ারির নির্বাচন-উত্তর পরিস্থিতির মতো বোমা সন্ত্রাস শুরু করে, সেটা তো জনগণ প্রত্যাখ্যান করবে।