বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির অনেকগুলো ধারা ‘লঙ্ঘন’ করা হচ্ছে অভিযোগ তুলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির কয়েকজন কূটনীতিক, আইনজীবী, গবেষক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সদস্য।
গত শুক্রবার পাকিস্তানের করাচিতে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের আইনগত দিক নিয়ে আয়োজিত এক কর্মশালায় আলোচকেরা এই আহ্বান জানান। রিসার্চ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল নামে একটি সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করে। তাঁরা যুদ্ধাপরাধের বিচারের ‘ত্রুটিগুলো’ নিয়ে লন্ডন কিংবা ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলন করারও আহ্বান জানিয়েছেন।
বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারে একটি রাজনৈতিক দল প্রতিহিংসার শিকার হচ্ছে। পুরো প্রক্রিয়া ন্যায়বিচার থেকে অনেক দূরে।
আয়োজক সংগঠনের সভাপতি আইনজীবী আহমের বিলাল সুফি বলেন, অভিযুক্ত ব্যক্তি বা তাঁদের পরিবার বিষয়টি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার ফোরামে নিয়ে যেতে পারেন। অথবা যাঁরা বিবাদীদের পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরাও বিষয়টি মানবাধিকার ফোরামে নিতে পারেন।