২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উদ্বেগ প্রভৃতি বিষয় প্রাধান্য পাবে।জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল শনিবার সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। গতবারের মতো এবারও তিনি বক্তব্য দেবেন বাংলায়। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনীতি, বিশেষ করে, স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা, অভিবাসী শ্রমিকদের অধিকার আদায় ও দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বর্ণনা দেবেন। এ ব্যাপারে তিনি আন্তর্জাতিক সহযোগিতাও চাইবেন। দীপু মনি জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যাচ্ছেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকসহ প্রায় ১০০ জন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।২০ সেপ্টেম্বর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কিত এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। সেদিন দারিদ্র্য, ক্ষুধা ও লিঙ্গসমতার চ্যালেঞ্জ মোকাবিলাবিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এমডিজির বিষয়ে ছয়টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সভাপতিত্ব করার কথা রয়েছে।শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর এমডিজির বিষয়ে স্বল্পোন্নত দেশগুলোর প্রধানদের প্রাতরাশ বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া সার্কভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং এমডিজিতে এর প্রভাব’ শীর্ষক এক আলোচনায় যোগ দেবেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রতিটি দেশের বক্তব্য উপস্থাপনের পাশাপাশি এ সময় দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত দুটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এশিয়া সোসাইটি ও মার্কিন চেম্বারের যৌথভাবে আয়োজিত বৈঠকেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেবেন। ২৮ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা।