জাতিসংঘে ভারত ও পাকিস্তানকে অস্ত্রবিরতির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ডিসেম্বর

হোসেন আলী কাজ করছিলেন কলকাতায়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার হিসেবে। ১৮ এপ্রিল তিনি পাকিস্তান পক্ষ ত্যাগ করে আনুগত্য প্রকাশ করেন বাংলাদেশ সরকারের প্রতি। মুক্তিযুদ্ধকালের উল্লেখযোগ্য ঘটনা তিনি লিখে রাখতেন দিনপঞ্জি হিসেবে। এখানে রইল তাঁর ৯ ডিসেম্বরের দিনলিপির অংশ।

জাতিসংঘ সাধারণ পরিষদে আর্জেন্টিনা ও অন্য ১৩টি দেশের উত্থাপিত একটি প্রস্তাবে ভারত ও পাকিস্তানকে অবিলম্বে অস্ত্রবিরতি চুক্তি সম্পাদন এবং সশস্ত্র বাহিনী প্রত্যাহার করতে বলা হয়। প্রস্তাবটি ১০৪-১১ ভোটে জয়ী হয়। প্রস্তাবটি সুপারিশমূলক ছিল। যেহেতু প্রস্তাবটি বাংলাদেশের স্বাধীনতার অনুকূলে ছিল না, তাই ভারত সেটি প্রত্যাখ্যান করবে—ব্যাপারটা অবশ্যই নিশ্চিত ছিল। তা ছাড়া পাকিস্তান কর্তৃক আক্রান্ত হওয়ার পর প্রস্তাবটি ভারতের নিজস্ব ভাবমূর্তির জন্যও ইতিবাচক ছিল না।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা, যাঁর নাম উল্লেখ করা হয়নি, বলেন যে ভারতকে যদি আর তিন সপ্তাহ আটকে রাখা যেত তবে ইয়াহিয়া বেসামরিক সরকার প্রতিষ্ঠা করতেন বলে নিক্সনকে নিশ্চিত করেছিলেন। ইয়াহিয়া যুক্তরাষ্ট্রকে বলেছিলেন যে তাঁরা, পররাষ্ট্রনীতি ও মুদ্রাব্যবস্থা বাদে, পূর্ব পাকিস্তানকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান, ভারতীয় সীমান্ত থেকে একতরফা সেনা প্রত্যাহার, ভারতে পালিয়ে যাওয়া শরণার্থীদের সাধারণ ক্ষমা ঘোষণা এবং কলকাতায় বাঙালি নেতাদের সঙ্গে সংলাপ শুরু করতে পারেন।

যশোর সেনানিবাস দখল করা হয়েছে। পাকিস্তানিরা সেটি মুক্তিবাহিনীর হাতে পুরোপুরি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এখন কুমিল্লা শহরের নতুন নতুন এলাকায় নিয়ন্ত্রণ স্থাপন করছে। কুমিল্লাকে কখনোই জয় করা যাবে না বলে ধারণা করা হতো, কিন্তু মুক্তিবাহিনীর সমন্বয়ে প্রথম অভিযানেই শহরটির পতন হয়। পাকিস্তানি সেনারা বরিশাল ও নারায়ণগঞ্জের দিকে জড়ো হচ্ছে বলে জানা যায়। এতে মনে হচ্ছে, তারা ঢাকা প্রতিরক্ষার চেয়ে নৌপথে পালানোর সর্বশেষ সুযোগের জন্য আপ্রাণ চেষ্টা করছে।

তাজউদ্দীন আহমদ জাতির উদ্দেশে বেতার ভাষণ দেন এবং হানাদারদের বিরুদ্ধে জেগে উঠতে জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি শত্রুবাহিনী ও রাজাকারদের অস্ত্র সমর্পণ ও আত্মসমর্পণের আহ্বান জানান।

অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে প্রচারিত বার্তায় মানেকশ বলেন, ‘এই মুহূর্তে আপনারা বরিশাল ও নারায়ণগঞ্জ এলাকায় জড়ো হচ্ছেন। আমি জানি, আপনারা ওই এলাকাগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছেন এই আশায় যে আপনারা পালাতে পারবেন অথবা আপনাদের তুলে নেওয়া হবে ভেবে। আমি আপনাদের সমুদ্রপথে পলায়নের চেষ্টা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং যথাযথভাবে নৌবাহিনী মোতায়েন করেছি। আমার পরামর্শ না শুনলে এবং আমার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ না করে পালানোর চেষ্টা করলে, নিশ্চিত মৃত্যু হবে বলে আমি জানিয়ে দিচ্ছি। এ কথা বলবেন না যে আমি আপনাদের সতর্ক করে দিইনি। যখনই আপনারা আত্মসমর্পণ করবেন, জেনেভা কনভেনশন অনুযায়ী আপনাদের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।’

কলকাতার মেয়র এস এস গুপ্ত আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি ভারতের অবস্থানের গভীর প্রশংসা করে বললাম, ‘এই আচরণ দেশটির কাঙ্ক্ষিত গণতন্ত্র ও সার্বভৌমত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

ইয়াহিয়া সরকারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এখন জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সূত্র: মর্নিং সান, ২৪ অক্টোবর, ১৯৯২