জাতিসংঘে যাওয়া সরকারের ভাবমূর্তি বাড়ানোর সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সুসংহত করার যথাযথ সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর আসন্ন নিউইয়র্ক সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে কতজন যাচ্ছেন, এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারিভাবে ৫০ জনের মতো হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন। এবারও তিনি বাংলায় বক্তৃতা দেবেন। এ ছাড়া তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত শান্তিরক্ষাবিষয়ক সম্মেলনে শেখ হাসিনা যৌথ সভাপতির দায়িত্ব পালন করবেন। একই দিনে তিনি জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছর উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা নিউইয়র্ক অবস্থানকালে ভারত, নেপাল, চিলি, কাতার, বেলারুশসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।