জাতিসংঘে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না। সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর তাঁর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার কথা ছিল।

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ গতকাল সোমবার প্রথম আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি মাসে জাতীয় সংসদের অধিবেশন রয়েছে। এছাড়া তিনি আওয়ামী লীগের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকবেন। বিশেষ করে, দলের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে চলমান বৈঠকগুলো তিনি শেষ করতে চান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে নিউইয়র্ক সফরে যাচ্ছেন না সেটি বিকেলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গত চার বছরে প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন এবং ভাষণ দিয়েছেন। এবারই প্রথম তিনি অধিবেশনে যোগ দিচ্ছেন না।