জাতিসংঘে শান্তিরক্ষী জোগানে বাংলাদেশ দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের উদ্যোগে বিশ্বের শান্তি রক্ষায় তিন দশকে বাংলাদেশের অবদান অনন্য হয়ে উঠেছে। শান্তি রক্ষায় জাতিসংঘে বাংলাদেশ শক্তিশালী দেশ হিসেবে সম্মানের চোখে দেখা হয়। বাংলাদেশ এখন জাতিসংঘে শান্তিরক্ষী জোগানে দ্বিতীয় বৃহত্তম দেশ।

ইউনাইটেড নেশনস নিউজ সেন্টারে ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে শান্তি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের সাফল্য ও সংলগ্নতাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষী নানা জাতি–গোষ্ঠী থেকে আসা। ভিন্ন সংস্কৃতি আর ভাষার এই শান্তিরক্ষীদের একমাত্র লক্ষ্য থাকে ঝুঁকিপূর্ণ মানবগোষ্ঠীকে রক্ষা করা। সহিংসতা থেকে শান্তির পথে আসা দেশগুলোকে সহযোগিতা করা। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ অন্যতম বৃহৎ শান্তিরক্ষী জোগানদাতা দেশ।

১৯৮৮ সালে ইরাক-ইরানের মধ্যে সশস্ত্র সহিংসতা বন্ধে নিয়োজিত হওয়ার মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশ রক্ষীবাহিনীর কার্যক্রম শুরু হয়। গত তিন দশকে যেসব দেশে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করেছে, কর্ম আর দক্ষতায় তা অনন্য হয়ে উঠেছে।

জাতিসংঘের দেওয়া তথ্যমতে, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ১০টি পৃথক মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করছে। মোট ৭ হাজার ২৪৬ বাংলাদেশি শান্তিরক্ষীদের মধ্যে সেনা ও পুলিশ সদস্য রয়েছেন। জাতিসংঘ শান্তি মিশনের নীল পতাকা হাতে আর নীল হেলমেট পরে মিশনগুলোতে নানা কাজে নিয়োজিত আছেন এসব শান্তিরক্ষী। নিরাপত্তা প্রদান থেকে শুরু করে সড়ক নির্মাণ, সহিংস দেশগুলোর সরকার এবং জনগণকে সহযোগিতা করার নিরলস কাজের মধ্য দিয়ে বাংলাদেশের শান্তিরক্ষীরা সুনাম অর্জন করেছেন।

হাইতির শান্তি মিশন পুলিশের নারী সদস্য নিয়ে গঠন করা হয়েছিল। ২০১৫ সাল থেকে ২০১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত এ শান্তি মিশন ভূমিকম্প বিধ্বস্ত হাইতির পুনর্গঠনকাজ এবং দেশটির বিরাজমান সহিংসতার মধ্যে সাফল্যের সঙ্গে মিশন শেষ করেন।
বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকায় শান্তি রক্ষার কাজে নিয়োজিত থেকেছেন। সেন্ট্রাল আফ্রিকার দেশগুলো—কঙ্গো, সুদানের দারফুরসহ কঙ্গোর বুনিয়া, ইটুরি প্রদেশে কাজ করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।

বিশ্বশান্তির অন্বেষণে বাংলাদেশের ১৩২ জন শান্তিরক্ষী প্রাণ দিয়েছেন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের এ আত্মত্যাগ এক গর্বের এবং অহংকারের উপাখ্যান। সহিংস কঙ্গোর প্রান্তিক গ্রামগুলোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিচরণ, স্থানীয় লোকজনের সঙ্গে সম্পর্ক সৃষ্টির মূলে কাজ করেছে শান্তি অন্বেষায় চরম পেশাদারত্ব।