জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নয় দিনের সরকারি সফরে আজ শনিবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আমিরাতের একটি ফ্লাইট আজ রাত সাড়ে নয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিমানটির আগামীকাল রোববার সকালে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। খবর বাসসের।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ রয়েছেন।প্রধানমন্ত্রীর আশ্বাস: শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে আধুনিক ন্যানোটেকনোলজির গুরুত্ব সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। এই নতুন শাখায় সর্বাত্মক সহযোগিতা দিতে তাঁর সরকার প্রস্তুত।গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘বাংলাদেশে ন্যানোটেকনোলজির সম্ভাবনা’ শীর্ষক এক আন্তর্জাতিক কর্মশালা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ন্যাশনাল সেন্টার ফর ন্যানোটেকনোলজি স্থাপনের দাবির প্রতি সরকারের পক্ষ থেকে যথাযথ সমর্থন ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং কানাডার বিশিষ্ট শিক্ষাবিদেরা অংশ নেন।