জাতিসংঘের অধিবেশনে যোগদান সরকারের ভাবমূর্তি বাড়াবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনের পর এ মাসেই শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন। সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ‘ভাবমূর্তি সুসংহত করা’র যথাযথ সুযোগ সৃষ্টি করবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ বৃহস্পতিবার তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন নিউইয়র্ক সফর নিয়ে এ আশাবাদ তুলে ধরেন। শেখ হাসিনার নিউইয়র্ক সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর নিউইয়র্কে সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে কতজন যাচ্ছেন—এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারিভাবে ৫০ জনের মতো হবে। এ ছাড়া কতজন সচিব এ সফরে নিউইয়র্ক যাচ্ছেন—এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, সাধারণ পরিষদের অধিবেশনে অনেকগুলো বিষয়ে আলোচনা হবে। এ বিষয়ে আলোচনার জন্য বেশ কয়েকজন সচিব যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী প্রতিনিধিদলসহ নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা দেড় শ ছাড়িয়ে যাবে। এদের মধ্যে অন্তত ছয়জন সচিব থাকছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। এবারও তিনি বাংলায় বক্তৃতা দেবেন। সাধারণ পরিষদের এবারের বিতর্কের প্রতিপাদ্য ‘ডেলিভারিং অন অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ ট্রান্সফরমেটিভ পোস্ট-২০১৫ ডেভালপমেন্ট এজেন্ডা’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অধিবেশনে বক্তৃতা দেওয়া ছাড়াও বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্যোগে আয়োজিত জলবায়ু সম্মেলনে ও ২৪ সেপ্টেম্বর বৈশ্বিক শিক্ষাবিষয়ক বৈঠকে বক্তৃতা করবেন। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত শান্তিরক্ষা বিষয়ক সম্মেলনে তিনি যৌথ সভাপতির দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনা ছাড়াও ওই সম্মেলনে যৌথ সভাপতির দায়িত্ব পালন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। একই দিনে তিনি জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য দেবেন। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ওই অনুষ্ঠানের আয়োজন করছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্ক অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, চিলি, কাতার, বেলারুশসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া অন্যবারের মতো এবারও জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত দুটি আলাদা অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি তিনি ইউএস চেম্বারস ও ইউএস বিজনেস কাউন্সিলের যৌথ আয়োজিত একটি বৈঠকে যোগ দেবেন।
এ এইচ মাহমুদ আলী বলেন, চলমান আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার বিষয়গুলো এবং অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি যাচাই—এ বিষয়গুলো বিবেচনায় এবারের অধিবেশন আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
২০১৫-পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) বাংলাদেশের কয়টি অগ্রাধিকার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে—এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এগুলো সেভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়। আমরা সহায়তা করি। পরিকল্পনা মন্ত্রণালয় এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবে।’