জাতিসংঘের অধীনে নিরাপদ অঞ্চল চান সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জাতীয় সংসদ। সাংসদেরা এই সমস্যা সমাধানে জাতিসংঘের অধীনে মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। একইসঙ্গে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন সাংসদেরা৷

গতকাল সোমবার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ (১) ধারায় নোটিশ দেন সরকারদলীয় সাংসদ দীপু মনি। এর পরিপ্রেক্ষিতে সাধারণ আলোচনায় অংশ নেন মন্ত্রী-সাংসদেরা।

সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ও চীনকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের জায়গা দেওয়া হয়েছে মানুষ হিসেবে, রোহিঙ্গা বা মুসলমান হিসেবে নয়। এই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান দরকার। কফি আনান কমিশনের প্রতিবেদন যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সমস্যার সমাধান হবে। মিয়ানমারের নেত্রী নোবেলজয়ী অং সাং সু চির ভূমিকার সমালোচনা করে রওশন বলেন, ‘শান্তির জন্য নোবেল পাওয়া নেত্রী এত অশান্তি সৃষ্টি করে কীভাবে?’

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিপূর্ণ সমাধানে তৎপর রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিয়ানমাররে ওপর চাপ প্রয়োগ ও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের সমস্যা গুরুতর উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪০ কিলোমিটার ব্যাপ্তির মধ্যে ৩ লাখ মানুষ বাংলাদেশে অনুপ্রবশে করেছে৷ এর আগে ছিল ৪ লাখ। কূটনীতিকদের অবহিত করা হয়েছে। মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে মিয়ানমাররে উদ্দশ্যে রয়েছে—রাখাইনে হত্যা বন্ধ করা, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা, সবাইকে নিজ গৃহে পুনর্বাসন, কফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন৷

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মিয়ানমারের সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ঘটনার জন্ম দিয়েছে। এটা শুধু ধর্মীয় বা জাতিগত নির্মূলের বিষয় হিসেবে দেখলে চলবে না৷ এর পেছনে রয়েছে বিদেশি শক্তির নানা চক্রান্ত।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কফি আনান কমিশনের প্রতিবেদন দেওয়ার পরপর ৩০টি ফাঁড়িতে আক্রমণের কথা তারা বলে। কিন্তু প্রমাণ পাওয়া যায় না। এরপরই জাতিগত নিধন শুরু হয়। তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্বের চাপ সৃষ্টি করা উচিত, যাতে আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করা হয়, জাতিসংঘের শান্তিরক্ষীদের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়৷

সাংসদ আবদুল মতিন খসরু বলেন, কফি আনানের প্রতিবেদন দেওয়ার সঙ্গে সঙ্গে মিয়ানমারে গণহত্যা শুরু হয়েছে। তিনি এই প্রতিবেদন বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের ভেতর একটি নিরাপদ অঞ্চল গঠনের আহ্বান জানান৷

জাসদের মইন উদ্দীন খান বাদল বলেন, অং সান সু চিসহ মিয়ানমার সরকার মিথ্যাচার করছে। রোহিঙ্গাদের ঢালাওভাবে সন্ত্রাসী না বলার আহ্বান জানিয়ে বাদল প্রশ্ন রাখেন, ‘চোখের সামনে মা-বোনকে বলৎকার করা হলে, হত্যা করা হলে, অস্ত্র তুলে নেওয়ার অধিকার কি তাদের নেই?’

প্রস্তাব উত্থাপন করতে গিয়ে দীপু মনি বলেন, কফি আনান কমিশনের প্রতিবেদন নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দিতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে। তিনি আরও বলেন, ‘এক আইলানের লাশ বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল। আজ কত আইলানের ক্ষতবিক্ষত লাশ নাফ নদীর পানিতে ভাসছে। বিশ্ববিবেক এগিয়ে আসুক। তাদের পাশে দাঁড়াক।’

 এই ইস্যুতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, মহীউদ্দীন খান আলমগীর, হাছান মাহমুদ, আবদুল ওয়াহাব, সাইমুম সরওহার কমল, জাসদের শিরীন আখতার, তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ৷