জাতিসংঘের অনুরোধে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতি শেষ
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ সুদানে জনবল এবং বিমান পাঠানোর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে সেনাবাহিনী এবং বিমানবাহিনী।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে এই জনবল ও সরঞ্জামের পরিবহন যেকোনো সময় শুরু হবে।
২৪ ডিসেম্বর জাতিসংঘের মাহাসচিব বান কি মুন দক্ষিণ সুদানের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশি শান্তিরক্ষী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বিশেষভাবে অনুরোধ জানান। জাতিসংঘের মহাসচিব দক্ষিণ সুদানে জরুরি ভিত্তিতে বাংলাদেশের একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি সামরিক হাসপাতাল ইউনিট, সামরিক পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার পাঠানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
বিজ্ঞপ্তিতে আশা করা হয়, জাতিসংঘের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের আশু ব্যবস্থা গ্রহণ বিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিসহ ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। দক্ষিণ সুদানের বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দ্রুত পদক্ষেপ গ্রহণ বাংলাদেশের প্রতি জাতিসংঘের আস্থা সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। পেশাদারি, শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও মানবতাবোধের কারণে বাংলাদেশি শান্তিরক্ষীরা সারা বিশ্বের আস্থা অর্জন করেছে।