জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল কাল ঢাকা আসছেন
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও শান্তিরক্ষা অপারেশন বিভাগের (ডিপিকেও) প্রধান হার্ভ লেডসাস তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকা আসছেন।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে লেডসাস রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাত্ করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র আরও জানায়, লেডসাস বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং কীভাবে বাংলাদেশ শান্তিরক্ষা অভিযানে আরও বেশি কার্যকর অবদান রাখতে পারে, সে বিষয়ে সরকারি নেতা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। শান্তি মিশনে ঢাকার অবদানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ শান্তিরক্ষার ক্ষেত্রে কমান্ডিং নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে বাংলাদেশ থেকে আরও বেশি প্রতিনিধিত্বের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হতে পারে। বাসস