জাতিসংঘের আন্ডার সেক্রেটারি পদ ছাড়ছেন আমিরা হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিরা হক
আমিরা হক

জাতিসংঘের আন্ডার সেক্রেটারির পদ থেকে আগামী অক্টোবরে সরে যাচ্ছেন আমিরা হক। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ওই পদে দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি হলেন আমিরা হক। তিনি ২০১২ সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হিসেবে ডিপার্টমেন্ট অব ফিল্ড সার্ভিসের (ডিএফএস) প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা বান কি মুন জানাননি।
এদিকে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা ইনার সিটি প্রেসের ওয়েবসাইটে ১৪ জুলাই বলা হয়েছে, অনেকটা চাপে পড়েই মেয়াদ পুরো হওয়ার আগে আমিরা হককে সরে যেতে হচ্ছে। এর আগে গত ৭ অক্টোবর ইনার সিটির এক প্রতিবেদনে বলা হয়েছিল, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংস্কার আনতে ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন (ডিপিকেও) ও ডিপিএস নামে দুটি আলাদা বিভাগ চালু করেন বান কি মুন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের প্রধান হার্ভে লেদসাউ জাতিসংঘের সামগ্রিক শান্তিরক্ষা কার্যক্রমে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান। তাই তিনি আমিরা হককে ডিএফএস প্রধানের পদ থেকে সরাতে চান।
আমিরা হক জাতিসংঘের সদর দপ্তর ছাড়াও পূর্ব তিমুর, সুদান, আফগানিস্তান, মালয়েশিয়া, লাওসসহ বিভিন্ন স্থানে উন্নয়ন, মানবিক সহায়তা এবং শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের প্রধান হার্ভে লেদসাউ ২১ জুলাই চার দিনের সফরে ঢাকায় আসছেন।