জাতিসংঘের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক যাওয়ার পথে গতকাল লন্ডনের হিথরো বিমানবন্দরে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা l ছবি: পিআইডি
নিউইয়র্ক যাওয়ার পথে গতকাল লন্ডনের হিথরো বিমানবন্দরে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা l ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে গতকাল বুধবার সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। খবর বাসসের।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে যাচ্ছেন। তিনি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে গতকাল বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ ছাড়া উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টার যাত্রাবিরতি করেন। সেখান থেকে আবার যাত্রা করে স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর রাত ১০টায় তাঁর নিউইয়র্ক পৌঁছানোর কথা।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে দুটি পুরস্কার তুলে দেওয়া হবে। এগুলো হচ্ছে জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) আইসিটি পুরস্কার।
লন্ডনে যাত্রাবিরতি: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে।
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নান বিমানবন্দরের রয়েল লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।