
সিলেটে ব্লগার, লেখক ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এ হত্যাকাণ্ডকে বাংলাদেশে ধর্মীয় ও বাকস্বাধীনতার প্রতি আঘাত বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
এদিকে অনন্ত হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও মানবাধিকার আন্দোলনের কর্মীরা।
অনন্ত হত্যায় নিন্দা জানিয়ে জাতিসংঘ এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ এ বিষয়ে উদ্বিগ্ন যে এ হামলা বাংলাদেশের সমাজে অসহনশীলতার একটি বৃহত্তর প্রবণতার অংশ। এ ধরনের ঘটনাকে জরুরি ভিত্তিতে মোকাবিলা করতে হবে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপমুখপাত্র জেফ রাথকে গত মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘অনন্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অনন্তর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানায়। আমরা আশা করি, বাংলাদেশ কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করবে।’
অনন্ত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার্ট। বিবৃতিতে অনন্তর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউর এশিয়ার পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ধর্মনিরপেক্ষ লেখকদের প্রতি এমন নৃশংস হামলা এ ধরনের লেখকদের নিশ্চুপ করে দেবে। এ হামলা ধর্মীয় বিষয়ে স্বাধীনভাবে মত প্রকাশকারীদের প্রতি কঠিন এক বার্তা পাঠিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা। যাতে সবার প্রতি এই বার্তা পাঠানো যায় যে, ধর্মীয় বিষয় ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি আঘাতকারীদের সহ্য করা হবে না। অ্যাডামস বলেন, ধর্মীয় বিষয়ে শুধু মত প্রকাশের জন্য কর্তৃপক্ষ যখন ব্লগারদের কারাদণ্ড দেয়, তখন এটা মনে হতে পারে যে রাস্তায় যারা কুপিয়ে মানুষ হত্যা করে, সরকার তাদের সঙ্গে। এটা জনগণের প্রতি ভুল বার্তা পাঠায় বলে উল্লেখ করেন অ্যাডামস।
নিউইয়র্ক প্রতিনিধি জানান, অনন্ত হত্যার প্রতিবাদে গত মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে প্রবাসী লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও নাগরিক আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দেন। বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি মুক্তচিন্তার লেখকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে সৈয়দ মুহাম্মদ উল্লাহ, নাসির আলী, নিনি ওয়াহেদ, মিনহাজ সাম্মু, হায়দার আকবর, শিবলি সাদিক, মাহফুজা ইসলাম, গোপাল স্যানাল প্রমুখ যোগ দেন।