
জাতিসংঘের উদ্যোগেই রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদী বিএনপি। দলটির শীর্ষস্থানীয় নেতারা মনে করেন, বিশ্ব সংস্থাটি সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত পর্যায়ক্রমে তাদের প্রতিনিধিদল বাংলাদেশে পাঠাবে।গত শুক্রবার বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ফোনে আলাপকালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সরকারের সঙ্গে সংলাপে বসে সংকট সমাধানের অনুরোধ জানিয়েছেন।বিএনপির কয়েকজন নীতিনির্ধারক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, জাতিসংঘের প্রাথমিক উদ্যোগটি সফলতার মুখ না দেখলেও সংস্থাটি তার চেষ্টা অব্যাহত রাখবে। এ জন্য প্রধান বিরোধী দল বিএনপিকে সংঘাত বা সহিংসতায় না জড়িয়ে সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।গত শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের মহাসচিব ফোনে কথা বলার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, জাতিসংঘের মহাসচিব বলেছেন, সংকট সমাধানে তাঁদের চেষ্টা বেশি দূর এগোয়নি। প্রধান দুটি দলকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দেন তিনি। বিএনপির ওই নীতিনির্ধারকেরা প্রাথমিক উদ্যোগ বলতে গত মে মাসে জাতিসংঘের অতিরিক্ত মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর ঢাকা সফরকে বুঝিয়েছেন। ওই সফরের সময় তিনি শেখ হাসিনা ও খালেদা জিয়াকে জাতিসংঘের মহাসচিবের পাঠানো চিঠি পৌঁছে দেন। দুই নেত্রীকে খোলা মন নিয়ে ও ছাড়ের মানসিকতা দেখিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নন, তবে অন্যতম নীতিনির্ধারকদের একজন প্রথম আলোকে বলেন, আপাতদৃষ্টিতে মনে হতে পারে, বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে অনড় অবস্থানে আছে। কিন্তু এটা সত্যি নয়। ইতিমধ্যে বিএনপি আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। ভবিষ্যতে আরও যৌক্তিক ছাড় তারা দেবে।ওই নেতা বলেন, বিএনপি প্রথমে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছে। এখন আর সেটা বলছে না। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, সে ব্যাপারেও তারা অনড় নেই। দলটি এখন বলছে, আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সমাধান হতে পারে। তিনি বলেন, সরকার সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছে। বিএনপি সরকারকে সেই অনড় অবস্থা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নীতিনির্ধারক বলেন, বিএনপির মূল আপত্তি নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার থাকা নিয়ে। তাঁরা বলেন, প্রথমবার যখন জাতিসংঘের মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন, তখন বিএনপি তাঁকে বলেছিল, অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যক্তিটি নির্দলীয় হতেই হবে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না।
গতকাল আলাপকালে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বলেন, দলীয় চেয়ারপারসন তাঁদের আজ-কালের মধ্যে বান কি মুনের সঙ্গে আলোচনার বিষয়ে অবহিত করবেন। বিএনপির দিক থেকে সংকট সমাধানের জন্য কিছু করার থাকলে তা করা হবে। চেয়ারপারসন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু অবহিত না করলে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না বলে ওই নেতারা বলেন।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।