মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধানে বিষয়টি জাতিসংঘে তোলার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিতে ব্যর্থ হয়েছে। আবার যারা এসেছে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক উদ্যোগ নিতেও ব্যর্থ হয়েছে। ইন্দোনেশিয়া মিয়ানমারের রোহিঙ্গা সংকটের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো দূত পাঠানো হয়নি। জাতিসংঘে বিষয়টি তোলা হয়নি।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, দেশে কারও নিরাপত্তা নেই। গুম-খুন-হত্যা-ধর্ষণ নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জঙ্গি দমনে বিস্ফোরণ ঘটিয়ে ১০ বছরের বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তিনি বলেন, সরকার আবারও একটি একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ এবার আর কোনো একতরফা নির্বাচন হতে দেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়।