জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান বাংলাদেশ
জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন ও ২৯তম বিশেষ সেশনের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। খবর বাসসের।
কমিটির নয় সদস্যের অন্য আটটি সদস্য রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশ এই চেয়ারম্যানের দায়িত্ব পায়। কমিটির অন্য সদস্যরা হলো: চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল ও ব্রাজিল।
কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুজ্জামান কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ১৯ সেপ্টেম্বর ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন ও প্রথম সভায় মিলিত হন। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, ‘ক্রেডেনশিয়াল কমিটির অন্য সদস্যদের আস্থা জাতিসংঘে বাংলাদেশের বিশেষ সক্রিয়তার পরিচয় বহন করছে, যা আমাদের জন্য সম্মান ও গৌরবের।’