জাতিসংঘের চেষ্টা ব্যর্থ হলে অস্থিতিশীলতা সৃষ্টি হবে: ফখরুল

রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের চেষ্টা ব্যর্থ হলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন নিয়ে সৃষ্ট সব জাতীয় সংকট সৃষ্টি করেছে আওয়ামী লীগ।
গতকাল সোমবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপির সময় নির্বাচনে শত শত মানুষ মারা গেছে। তারা সব সময় নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি করে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই সব সময় নির্বাচন নিয়ে সংকট তৈরি করে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে বিএনপি যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে আলোচনায় আগ্রহী। বিএনপি সব সময় আলোচনা, সমঝোতার পক্ষে। বিএনপি সব সময় শান্তির পক্ষে। বিএনপি কোনো সংকট সৃষ্টি করতে চায় না। তবে যেকোনো ধরনের আলোচনার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।