জাতিসংঘের দূতের সফরে নিষেধাজ্ঞা মিয়ানমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি। ছবি: জাতিসংঘ
জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লি। ছবি: জাতিসংঘ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ইয়াংহি লিকে তাঁর মেয়াদকালে সেখানে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি। তাঁকে কোনো সহযোগিতাও করবে না মিয়ানমার। মিয়ানমার যে সে দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘকে সহযোগিতা করবে না, সে বার্তা আবারও িদল।
রাখাইনে রোহিঙ্গা নির্যাতনসহ মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মূল্যায়নের জন্য আগামী মাসে ইয়াংহি লির সে দেশে যাওয়ার কথা ছিল। গতকাল বুধবার জেনেভা থেকে এক বিবৃতিতে তিনি মিয়ানমারের এই নিষেধাজ্ঞার কথা জানান।

রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরুর জন্য বাংলাদেশ ও মিয়ানমার যৌথ কমিটি গঠনের এক দিন পর ইয়াংহি লি এ তথ্য জানালেন। দুই দেশের পররাষ্ট্রসচিবদের নেতৃত্বে যে কমিটি হয়েছে, তা রোহিঙ্গাদের রাখাইনে ফেরত, পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠা—তিন ক্ষেত্রেই জাতিসংঘের শরণার্থী সংস্থাসহ (ইউএনএইচসিআর) জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে যুক্ত রাখবে। ইয়াংহি লিকে ভবিষ্যতে মিয়ানমার সফরে নিষেধাজ্ঞার পর এখন রোহিঙ্গা প্রত্যাবাসনে আদৌ জাতিসংঘকে দেশটি যুক্ত রাখবে কি না, সে প্রশ্নটি সামনে চলে এল।
ইয়াংহি লি বিবৃতিতে বলেন, ‘মিয়ানমার সরকারের এ সিদ্ধান্ত আমাকে বিস্মিত ও হতাশ করেছে। আমাকে মিয়ানমারের সহযোগিতা না করার ঘোষণার মধ্য দিয়ে এটি পরিষ্কার হয় যে রাখাইনসহ দেশের অন্যান্য স্থানে অবশ্যই সাংঘাতিক কিছু ঘটেছে।’

দুই সপ্তাহ আগে জেনেভায় মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি তিন লিন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে জানিয়েছিলেন, গত জুলাইয়ে ইয়াংহি লি যে বিবৃতি দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে আর সহযোগিতা করা হবে না। মিয়ানমার সরকার ওই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট হিসেবে অভিহিত করেছে। ওই প্রতিবেদনে ইয়াংহি লি বলেছিলেন, গত জানুয়ারিতে রোহিঙ্গাদের যে পরিস্থিতি তিনি দেখেছেন, তার কোনো উন্নতি হয়নি; বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে।

২০১৪ সালের জুনে ইয়াংহি লি মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে নিয়োগ পান। নিয়ম অনুযায়ী প্রতিবছর তাঁর দুবার মিয়ানমার সফরের কথা। গত বছরের অক্টোবরে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ামনারের নিরাপত্তা বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তিনি এ বছর জানুয়ারি ও জুলাইয়ে দেশটি সফর করেন। মাঝে ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশে এসে কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে যান। এ বছরের মার্চে ইয়াংহি লির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইয়াংহি লিকে মিয়ানমার যেতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। অ্যামনেস্টির দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জেমস গোমেজ গতকাল এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়েরের সফরে মিয়ানমার সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অত্যন্ত জঘন্য কাজ। নিজেদের মানবাধিকারের খতিয়ানের আন্তর্জাতিক নজরদারি এড়াতে মিয়ানমারের কর্তৃপক্ষ যা ইচ্ছে, তা-ই করবে এটা তার আরেকটি ইঙ্গিত। রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে, সে সময়টাতে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইয়াংহি লিকে মিয়ানমার সফরের অনুমতি দিতে সে দেশের সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানানো উচিত।

জেমস গোমেজ বলেন, ‘গত কয়েক মাসে কোনো অন্যায় করেনি বলে দাবি করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী। যদি তা-ই হয়, সেখানকার কর্তৃপক্ষের তো কোনো কিছু লুকানো উচিত নয়—কেন তারা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তকারীদের যেতে দিচ্ছে না?’