জাতিসংঘের বাংলাদেশ মিশনে বর্ষবরণ
বাংলা নতুন বছরকে বরণ করতে বাঙালির চিরন্তন ঐতিহ্যে সেজেছিল নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন।
লোকায়ত সংস্কৃতির ডালা সাজিয়ে বর্ণিল আয়োজনে গতকাল মঙ্গলবার বরণ করা হয় বাংলা ১৪২২ সাল।
এদিন একতারা, কুলা, বেলুন, ফেস্টুন, গ্রাম-বাংলার চিত্র, নকশিকাঁথা ও রং-বেরঙের ফুল দিয়ে সাজানো হয় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তন।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাঙালিরা জড়ো হন মিশনের এই আয়োজনে। তাঁদের মধ্যে কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা-কর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন। ছিলেন নিউইয়র্ক সফররত স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
ফিজি, নেপাল, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও কর্মকর্তারা বর্ষবরণের এই আয়োজন উপভোগ করেন।
অতিথিদের স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘অশুভকে বিদায় দিয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুখী, সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই হবে আমাদের নতুন বছরের প্রত্যাশা। যেখানে গণতন্ত্রের অজুহাতে জ্বালাও-পোড়াও থাকবে না, ধর্মান্ধতা বিদায় নেবে।’
জাতিসংঘে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার থমসন বলেন, কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাতের বিচারে বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের উৎকৃষ্ট উদাহরণ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা প্রশংসিত হচ্ছে।
বর্ষবরণের এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল নিউইয়র্কের বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের মনোজ্ঞ গীতিআলেখ্য।
মুড়ি-মুড়কি, বিভিন্ন ধরনের পিঠা, পান্তা-ইলিশ, হরেক রকমের বাঙালি খাবার, মিষ্টান্ন পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। এর বাইরে নিউইয়র্কে প্রবাসীরা অন্তত পাঁচটি পৃথক বর্ষবরণের অনুষ্ঠান করেছেন।