জাতিসংঘের বিশেষ দূত আসছেন ১৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ রাপোর্টিয়্যের ইয়াংঘি লি মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন। ১৯ ফেব্রুয়ারি ছয় দিনের সফরে এসে তিনি কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শরণার্থী ও মিয়ানমারের অনিবন্ধিত লোকজনের অবস্থা দেখবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে গতকাল বৃহস্পতিবার জানা গেছে, ইয়াংঘি লি বাংলাদেশ সফরের সময় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবেন। এ ছাড়া সরকারের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলতে পারেন।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারের সশস্ত্র বাহিনী গত বছরের ৯ অক্টোবর থেকে দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন, নির্বিচারে লোকজনকে হত্যা, ধর্ষণের পাশাপাশি তাদের ঘরবাড়ি পুড়িয়েছে ও সহিংসতা ছড়িয়েছে। এর ফলে এ পর্যন্ত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের পর সেখানকার পরিস্থিতি দেখতে গত মাসের ৯ থেকে ২১ তারিখ মিয়ানমার সফরে যান ইয়াংঘি লি।