জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। ফাইল ছবি
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। ফাইল ছবি

অভিবাসী ও শরণার্থীদের জন্য বৈশ্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করার ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। বিশেষ করে বৈশ্বিক এ দুটি ব্যবস্থাপনাকে বাধ্যতামূলক করা না-করাটা জাতিসংঘের এখতিয়ার কি না, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস-বিস) আয়োজিত সেমিনারে পররাষ্ট্রসচিব এ প্রশ্ন তোলেন।
‘গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি’ শীর্ষক সেমিনারে সঞ্চালনা করতে গিয়ে শহীদুল হক বলেন, ‘সদস্য দেশগুলোর কাছে প্রথম খসড়ায় বলা হচ্ছে, এ ব্যবস্থাপনা আইনগতভাবে বাধ্যবাধকতামূলক হবে না। ইচ্ছে করেই এটা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জাতিসংঘকে এই অধিকার কে দিয়েছে? এ বিষয়টি অত্যন্ত হতাশার।’

পররাষ্ট্রসচিব মনে করেন, জাতিসংঘ সদর দপ্তর প্রথম খসড়ায় বলেছে, এটি কোনো দেশের জন্য বাধ্যতামূলক হবে না সেটা করার এখতিয়ার জাতিসংঘের নেই। বাধ্যতামূলক হবে কি হবে না, সেটা ঠিক করবে সদস্যদেশগুলো, জাতিসংঘ সদর দপ্তর নয়। তাঁর মতে, অভিবাসী ও শরণার্থীর জন্য বৈশ্বিক ব্যবস্থাপনার প্রস্তাবিত খসড়ার চেয়ে দুটি ক্ষেত্রেই নিউইয়র্কের ঘোষণা অনেক ভালো ছিল। সেখানে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে চিঠি পাঠানো হয়েছে। তাঁকে অনুরোধ করা হয়েছে, দুটি ক্ষেত্রেই প্যারিস জলবায়ু চুক্তি (স্বেচ্ছাপ্রণোদিত হয়ে মেনে চলা) কিংবা টেকসই উন্নয়ন লক্ষ্যের ধারা যেন অনুসরণ করা হয়।

অভিবাসনবিষয়ক বৈশ্বিক ব্যবস্থাপনার প্রথম খসড়ার বিষয়ে হতাশা প্রকাশ করে পররাষ্ট্রসচিব বলেন, এখানে ২২টি লক্ষ্যের কথা বলা হয়েছে। অথচ কোনো অগ্রাধিকার ঠিক করা হয়নি।
শরণার্থীবিষয়ক প্রস্তাবিত ব্যবস্থাপনার নতুন প্রক্রিয়া ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক ৫১ সালের সনদের বিষয়বস্তু একই রকম। কাজেই এ নিয়ে অনেক দেশ বিরোধিতা করলে অবাক হওয়ার থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।

শহীদুল হক বলেন, বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের জোরালো অবস্থান অব্যাহত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, সমাজকে আতঙ্ক থেকে মুক্ত রাখতে হবে। এমন পরিস্থিতি সৃষ্টি বন্ধ করতে হবে, যা অভিবাসন ও শরণার্থী সংকটকে উসকে দেয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালকের নীতিবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক জারভেইস আপাভে বলেন, অভিবাসন-প্রক্রিয়াকে স্থিতিশীলতা এ ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করা উচিত।

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি অ্যান্ড্রু এমবোগোরি বলেন, শরণার্থী সংকটের টেকসই সমাধান আর শরণার্থীদের মৌলিক সেবা নিশ্চিত করতে সদস্যদেশগুলোর রাজনৈতিক অঙ্গীকার থাকা অপরিহার্য।

সেমিনারে স্বাগত বক্তৃতা করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান।