জাতিসংঘের মহাসচিব ঢাকা ছেড়েছেন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশে চার দিনের সরকারি সফর শেষে গতকাল বুধবার সকালে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। খবর বাসসের।জাতিসংঘের মহাসচিবকে বহনকারী একটি বিশেষ বিমান সকাল আটটা ৫০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে বিদায় জানান। বান কি মুন তাঁর স্ত্রী বান সুন তায়েককে সঙ্গে নিয়ে তিন দেশে সরকারি সফর শুরুর প্রথমে গত রোববার ঢাকায় আসেন। জাতিসংঘের মহাসচিবের সফরসূচিতে থাকা অন্য দুটি দেশ হচ্ছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।ঢাকায় বান কি মুন কর্মব্যস্ত সময় কাটান। এ সময় তিনি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজধানী ও মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।বাংলাদেশে অবস্থানকালে বান কি মুন জলবায়ু পরিবর্তন ফোরাম-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এতে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত পাবলিক স্পিকিং ইভেন্টে যোগ দেন। সেখানে বান কি মুনকে অনারারি ডক্টর অব ল ডিগ্রি দেওয়া হয়।