জাতিসংঘের মহাসচিব ১৩ নভেম্বর ঢাকায় আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন তিন দিনের সফরে ১৩ নভেম্বর বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল রোববার এ কথা জানিয়েছে। বিশ্বসংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে বান কি মুনের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০০৮ সালের ১ নভেম্বর তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। বান কি মুন ১৩ নভেম্বর রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় পৌঁছাবেন। তিনি ১৬ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন। জাতিসংঘের মহাসচিব সাভার জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) এবং ঢাকার বাইরে একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া একটি অনুষ্ঠানে তিনি বক্তৃতা করবেন। বাসস।