জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আজ রোববার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকে ২০১৫ সালের বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, বিশ্বের মোট ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ১৪২তম। সূচকে বাংলাদেশের স্থান অপরিবর্তিত রয়েছে।
গত সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ইউএনডিপির এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এ বছরের প্রতিবেদনের বিষয় ‘কর্ম’। শুধু চাকরি অর্থে নয়, তার বাইরে বৃহত্তর অর্থে কর্ম কীভাবে মানব উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে, প্রতিবেদনটিতে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।
কারিগরি ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে বিপুল পরিবর্তন এসেছে, তার সঙ্গে এসেছে নতুন সমস্যা ও সংকট। প্রতিবেদনটিতে এই চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশের সব কর্মক্ষম মানুষের জন্য সমমর্যাদাসম্পন্ন জুতসই কর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৫ বছরে প্রায় ২০০ কোটি মানুষের কর্মসংস্থান করার মাধ্যমে দারিদ্র্যমুক্তির পথে বিশ্ব অনেকটা এগিয়েছে। কিন্তু এখনো মাত্র দৈনিক দুই ডলারের কম আয়ে জীবনযাপন করে, এমন কর্মরত মানুষের সংখ্যা ২০ কোটি।
প্রতিবেদনের কেন্দ্রে রয়েছে মানব উন্নয়ন সূচক। আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয়-মানব উন্নয়নের এই তিনটি সূচক বা ইন্ডিকেটরের ভিত্তিতে মানব উন্নয়ন সূচক নির্ধারিত হয়ে থাকে। ২০১৪ সালের উপাত্তের ভিত্তিতে প্রস্তুত ২০১৫ সালের মানব উন্নয়ন সূচকে প্রথম তিনটি দেশ হলো নরওয়ে, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড। আর সবচেয়ে নিচের তিনটি দেশ হলো নাইজার (১৮৮), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৮৭) ও ইরিত্রিয়া (১৮৬)।
মধ্য আয়ের দেশের তালিকায় যে ৩৯টি দেশ রয়েছে, সেখানে বাংলাদেশ স্থান পেয়েছে। তবে এই তালিকার সর্বশেষ তিনটি দেশের একটি হলো বাংলাদেশ। মধ্য আয়ের দেশ হিসেবে তার নিচে রয়েছে শুধু কম্বোডিয়া ও সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে।
আরও পড়ুন: