যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মন্তব্যে ‘খুবই বিরক্ত’ সরকার। তাদের মন্তব্যের জবাবে একথা জানিয়ে দেওয়া হয়েছে। খবর ইউএনবির।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুজাহিদ ও বিএনপির নেতা সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করার পর গত মঙ্গলবার জেনেভা থেকে বিবৃতি দেন মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার রাভিনা সামদাসানি। তিনি বলেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় মৃত্যুদণ্ডের রায় কার্যকর না করার জন্য আমরা আগে থেকেই বাংলাদেশ সরকারকে বলেছিলাম।’
ওএইচসিএইচআরের ওই মন্তব্যের জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোজাহিদের মামলার রায় নিয়ে ভ্রান্ত ধারণার ভিত্তিতে ওএইচসিএইচআর যে মন্তব্য করেছে, তাতে বাংলাদেশ খুবই বিরক্ত। তাদের এই মন্তব্যের ভিত্তিতে এ প্রশ্ন উঠেছে যে, তাহলে কি ওএইচসিএইচআর যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধীদের পক্ষ নিল?