জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সংঘাত-পরবর্তী শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিস বিল্ডিং কমিশন-পিবিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গত সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পিবিসির চেয়ারম্যান হিসেবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে বাংলাদেশ। জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্ব সংস্থার নিউইয়র্ক সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। পিবিসির প্রতিষ্ঠালগ্ন অর্থাৎ ২০০৫ সাল থেকেই বাংলাদেশ এ সংস্থার নির্বাচিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ছাড়া ২০১০ সাল থেকে বাংলাদেশ এ সংস্থায় জোটনিরপেক্ষ সদস্যরাষ্ট্রগুলোর সমন্বয়কারী হিসেবে সংঘাত-পরবর্তী দেশে শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহি ও স্বচ্ছতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন, সংশ্লিষ্ট নেতাদের সম্পৃক্ত করা এবং এসব প্রকল্পে অর্থায়নের নিশ্চয়তা বিধানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে শান্তি প্রতিষ্ঠা কমিশনের সদস্য হচ্ছে: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়াসহ বিশ্বের ৩১টি দেশ।