জাতিসংঘের সঙ্গে অংশীদারিমূলক কর্মসূচি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে হুমকির মুখে পড়া বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে জাতিসংঘের সঙ্গে অংশীদারির ভিত্তিতে নতুন একটি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। গত মঙ্গলবার বিশ্ব সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রায় ৩৫ লাখ পোশাককর্মী বর্তমানে শিল্প দুর্ঘটনা ও মৃত্যুঝুঁকির সম্মুখীন। তাঁদের কর্মপরিবেশের উন্নয়ন, কারখানার পরিদর্শনকাজ জোরদার এবং ভবনের পরিকাঠামো ও অগ্নি নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে এক নতুন অংশীদারিমূলক কর্মসূচিতে সমর্থন দেবে জাতিসংঘ।
জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘বাংলাদেশের পোশাক খাতের দ্রুত বিকাশ নারী ও পুরুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এ শিল্প তাঁদের নিজেদের ও পরিবারের দারিদ্র্য দূর করতেও সহায়তা করছে। যা হোক, বাস্তবতা হলো, এ খাতের উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতে জরুরি ভিত্তিতে উল্লেখযোগ্য ও সহযোগিতাপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
গাই রাইডার আরও বলেন, ‘এ কর্মসূচি পোশাকশিল্পে কাজের পরিবেশ, বিশেষত নিরাপত্তার উন্নয়ন ঘটাবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণে সহায়তা করবে।’
নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও কানাডা সরকারের অংশীদারির ভিত্তিতে কয়েক বছর মেয়াদি নতুন কর্মসূচি চালানো হবে। তৈরি পোশাক খাতের (আরএমজি) উন্নয়নে এরই মধ্যে বাংলাদেশ সরকার ও সহযোগীদের নেওয়া উদ্যোগে এটি গতি আনবে বলে আশা প্রকাশ করা হয়।
‘বাংলাদেশি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি’ সমর্থন করার বিষয়েও নতুন কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হবে।